খাগড়াছড়ি থেকে প্রত্যাগত জেএসএস সদস্যকে অপহরণের অভিযোগ
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রত্যাগত এক সদস্যকে খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া এলাকা থেকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রত্যাগত সদস্য সুনেন্দু বিকাশ চাকমা ওরফে রেননকে (৫৫) খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সন্ত্রাসীরা অপহরণ করে। অপহরণের পরপরই সুনেন্দু বিকাশ চাকমাকে বেদম মারধর করা হয় বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে অস্ত্রের মুখে নিরীহ ও নিরস্ত্র সুনেন্দু বিকাশ চাকমাকে অপহরণের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁদের আশু মুক্তির দাবি জানিয়েছে।ইউপিডিএফের তথ্য ও প্রচার শাখার পক্ষে নিরণ চাকমা এ ব্যাপারে তার সংগঠন কিছুই জানে না বলে জানান এবং এ-সংক্রান্ত কোনো সংবাদই তাঁদের কাছে নেই বলে জানান। খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ-সংক্রান্ত কোনো অভিযোগ কেউ করেনি এবং এ ধরনের তথ্যও তাঁর কাছে নেই।