খাগড়াছড়ি থেকে সাবেক শান্তি বাহিনীর সদস্যসহ দুজনকে অপহরণ!
পার্বত্য চুক্তি অনুযায়ী সরকারের কাছে অস্ত্র জমা দেওয়া সাবেক শান্তি বাহিনীর সদস্য চিরঞ্জীব ত্রিপুরা ওরফে স্বপন (৪৫) এবং হেডম্যান মনুলাল ত্রিপুরা (৩৫) নামের দুই ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা গতকাল মঙ্গলবার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার বিকেল চারটায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তৈলাফাং মৌজার বড়গ্রাম থেকে চিরঞ্জীব ত্রিপুরাকে এবং উপজেলার বামাগুমতি মৌজার হেডম্যান মনুলাল ত্রিপুরাকে একদল সশস্ত্র ব্যক্তি অপহরণ করে। জনসংহতি সমিতির অভিযোগ, পার্বত্য চুক্তি-পরবর্তী সময়ে ইউপিডিএফ সাবেক শান্তি বাহিনীর ৩০ জন সদস্যকে হত্যা ও কমপক্ষে ৫০ জনকে অপহরণ করেছে। যোগাযোগ করা হলে ইউপিডিএফের প্রচার বিভাগের নেতা নিরন চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অপরদিকে জনসংহতি সমিতির (এমএন লারমা) নেতা সুদীর্ঘ চাকমা বলেন, ঘটনাটি তাঁদের জানা নেই।