খাগড়াছড়ি-পানছড়ি সড়ক বেহাল, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এই সড়ক দিয়ে চলাচলকারী লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতিতে পানছড়ি উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় লোকজন সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। সড়ক ও জনপথ বিভাগের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে এক চিঠিতে জানানো হয়, গত ১ জুলাই থেকে পার্বত্য জেলাগুলোতে জেলা সড়কের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে পার্বত্য জেলা পরিষদ। তাই যোগাযোগ মন্ত্রণালয় থেকে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না। এদিকে এই হস্তান্তরের প্রক্রিয়াটি এখনো ঝুলে আছে। তাই রাস্তা সংস্কারের বিষয়টিও ঝুলে গেছে। সড়ক সংস্কার না হওয়ায় সম্প্রতি সড়কের পানছড়ি উপজেলা অংশে পানছড়ি উপজেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনগণ এতে সহায়তা করছেন।পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিনয় চাকমা বলেন, ‘আমাদের দুর্ভোগ তো সরকারের চোখে পড়ছে না। এই সড়ক দিয়ে আমাদেরই যাতায়াত করতে হয়। তাই নিজেদের দুর্ভোগ কমাতে সবাই মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক সংস্কারের কাজ করছি।’ পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিদুল আলম বলেন, ‘এই সড়ক দিয়ে পানছড়ি উপজেলার হাজারো মানুষ যাতায়াত করে। নানা জটিলতার কারণে সড়কটির সংস্কারকাজ হচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের কষ্ট লাঘব করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাথমিকভাবে সড়কটি মেরামতের এই উদ্যোগ নিয়েছে। এ কাজে কেউ ইটের টুকরো, কেউ বালু এবং কেউ এগুলো পরিবহনের জন্য ট্রাক্টর দিয়ে সহায়তা করছেন। আবার কেউ স্বেচ্ছায় শ্রম দিতে এগিয়ে এসেছেন।’