খাগড়াছড়ি-পানছড়ি সড়কে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি-পানছড়ি সড়কে পরিবহন ধর্মঘট গতকাল রোববার বেলা দুইটা থেকে প্রত্যাহার করা হয়েছে। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের নিরাপত্তা ও সন্ত্রাসীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাকের ক্ষতিপূরণের দাবিতে খাগড়াছড়ি পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ রোববার সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দেয়।মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ সূত্র জানায়, সকালে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ারে (খাগড়াছড়ি-পানছড়ি সড়কমুখে) পরিবহন শ্রমিকেরা ধর্মঘটের সমর্থনে অবস্থান নেন। তাঁরা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ অবস্থায় সকাল ১০টায় জেলা প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠকে বসেন। পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান জানান, জেলা প্রশাসক পরিষদের দাবিদাওয়া নিয়ে আলোচনার আশ্বাস দিলে বেলা দুইটা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। তিনি আরও জানান, ২৭ মার্চ খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পার্শ্ববর্তী এলাকার হেডম্যান, কার্বারি, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হবে। এ সভায় আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাকের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরা হবে। এ ছাড়া চাঁদাবাজি বন্ধে ওই সব গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা ও পরামর্শ চাওয়া হবে।এদিকে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, ২৭ মার্চের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণ দেওয়া না হলে পরে লাগাতার পরিবহন ধর্মঘট দেওয়া হবে।