খাগড়াছড়ি-পানছড়ি সড়কে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট আজ
খাগড়াছড়ি-পানছড়ি সড়কে আজ রোববার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের নিরাপত্তা দেওয়াসহ সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এ কর্মসূচি দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।পরিষদের সদস্যসচিব কে এম ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাকের ক্ষতিপূরণ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ১১ মার্চ জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু প্রশাসন এসব বিষয়ে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তাই খাগড়াছড়ি-পানছড়ি সড়কে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর পরও প্রশাসন পদক্ষেপ না নিলে পুরো জেলায় কর্মসূচি দিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।গত ৯ মার্চ খাগড়াছড়ি-পানছড়ি সড়কে একটি চালবোঝাই ট্রাকে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে ১০ মার্চ পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা জেলাব্যাপী পরিবহন ধর্মঘট পালন করে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে জনসংহতি সমিতির (এম এন লারমা) নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। তবে জনসংহতি সমিতি দাবি করেছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা। এর প্রতিবাদে তারা ১৩ মার্চ খাগড়াছড়ি-পানছড়ি সড়কে পূর্ণদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।