খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় করা মামলায় খাগড়াছড়ি পৌরসভার মেয়রসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সুফিয়ান মো. নোমান এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
খাগড়াছড়ি আদালতের পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার ঘটনায় করা মামলার ৩৮ জন আসামি অস্থায়ী জামিনে ছিলেন। গতকাল বৃহস্পতিবার আসামিদের আদালতে উপস্থিত থাকার দিন ধার্য ছিল। আসামিদের মধ্যে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমসহ আটজন অনুপস্থিত ছিলেন। পরে আদালত তাঁদের অস্থায়ী জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্য সাত আসামি হলেন ফারুক, জামাল, হৃদয়, মিন্টু মিস্ত্রি, শামীম গাজী, শরীফ ও রাহুল। তাঁরা মেয়র রফিকুল আলমের অনুসারী হিসেবে পরিচিত।
গত ১৯ জানুয়ারি খাগড়াছড়ি শহরের নারিকেলবাগান এলাকায় নির্মলেন্দু চৌধুরীকে পিটিয়ে আহত করা হয়। ঘটনার দিন রাতেই মেয়র রফিকুল আলম, তাঁর বড় ভাই জাহেদুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন।
নয়জনের বিরুদ্ধে সমন
খাগড়াছড়িতে ৩৫ জন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে গতকাল সমন জারি করেছেন খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সুফিয়ান মো. নোমান। এর আগে গত মঙ্গলবার হুমকির ঘটনায় এই ৯ জনকে চিহ্নিত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন ভূঁইয়া।
প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক নীরব চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে গত ২৩ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি পালনের সময় খাগড়াছড়ির সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয় ৪০-৪৫ জন সন্ত্রাসী। এ ঘটনায় খাগড়াছড়ির সাংবাদিকেরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পরে আদালত বিষয়টি তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের নির্দেশে তদন্ত কর্মকর্তা এসআই মাঈন উদ্দিন ভূঁইয়া তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত প্রতিবেদনটি নন-জিআর মামলা হিসেবে নিয়ে নয়জনের বিরুদ্ধে সমন জারি করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ৯ জন আসামি হলেন দিদার ওরফে কসাই দিদার, দেলোয়ার, নাজিম ওরফে কালা নাজিম, আক্তার হোসেন, ফরিদ, মুসলিম, মিন্টু মিস্ত্রি, ফারুক ও উজ্জ্বল মারমা। তাঁরা মেয়র রফিকুল আলমের অনুসারী হিসেবে পরিচিত।
এসআই মাঈন উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ২৩ ডিসেম্বর সাংবাদিকদের হুমকি দেওয়া এবং মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আটজনের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁরা ৯ জনের নাম বলতে পেরেছেন। যদিও হুমকিদাতার সংখ্যা আরও বেশি ছিল।