খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচল
খাগড়াছড়ি জেলার গুরুত্বপূর্ণ খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের দুই কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে ভাঙনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।টানা কয়েক দিনের বৃষ্টির কারণে রাস্তার এ অবস্থার সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায়, মাটিরাঙ্গা উপজেলা সদরের ১০ নম্বর এলাকা পর্যন্ত দুই কিলোমিটারের মধ্যে অন্তত আটটি স্থানে ভাঙনের কারণে সড়ক হুমকির মুখে।তিনটি স্থানে পাহাড় ভেঙে সড়কের ওপর পড়ে যেকোনো মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। সড়কের সবচেয়ে বেশি হুমকি দেখা দিয়েছে ব্যাঙমারা আর্মি ক্যাম্প পাহাড়ের পাদদেশ অংশে। এখানে সম্পূর্ণ সড়ক দেবে গেছে। সড়ক ও জনপথ বিভাগ ইটের টুকরো ফেলে সড়কটি চলাচলের উপযোগী করে রেখেছে। সড়কের সাপমারা অংশে পার্শ্ববর্তী ধল্যা খালের ভাঙনের কারণে প্রায় ২০০ ফুট দীর্ঘ রাস্তার অর্ধেক অংশ ভেঙে গেছে। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচলকারী বাসের ড্রাইভার সাজেদুল করিম বলেন, ‘এই দুই কিলোমিটার রাস্তায় চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। ঝাঁকুনিতে আমাদের গাড়ির যেমন ক্ষতি হচ্ছে, তেমনি সময়ও প্রচুর অপচয় হচ্ছে।’ খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রশিদ বলেন, ‘সড়কটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে।