খাগড়াছড়ি-রাঙামাটিতে যুব ফোরামের অবরোধ পালিত
তিনটি দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় গতকাল রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক যুব ফোরাম। দাবিগুলো হলো সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাঙামাটিতে সংরক্ষিত বনাঞ্চলের নামে ভূমি বেদখল বন্ধ ও খাগড়াছড়ির রামগড় উপজেলা থেকে আদিবাসীদের উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করা। খাগড়াছড়ি থেকে প্রতিনিধি ও রাঙামাটি থেকে নিজম্ব প্রতিবেদকের পাঠানো খবর: খাগড়াছড়ি: সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পুলিশের সঙ্গে পিকেটারদের ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে। পিকেটারদের নিবৃত্ত করতে পুলিশ প্রায় ১০০ রাউন্ড রাবার বুলেট ও ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষে এক নারী ও পুলিশসহ ২০ জন আহত হয়। এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, পিকেটারদের গুলতির হামলায় ১০-১২ জন পুলিশ সদস্য আহত হন। তাঁদের মোকাবিলা করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশের রাবার বুলেটে গুরুতর আহত হন দক্ষিণ খবরংপড়িয়া গ্রামের দিনমজুর চঞ্চলা চাকমা (৪৭)। তাঁর পেটে গুলি লাগে। খাগড়াছড়ি জেলা হাসপাতালের চিকিৎসক নয়ন ত্রিপুরা জানান, আহত নারীর পেটে পাঁচটি গুলি লাগে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবরোধকারীরা খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ফেনী সড়কের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। শনিবার রাত দুইটায় রামগড় উপজেলার হাতিমুড়া এলাকায় চাল পরিবহনের একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। রাঙামাটি: অবরোধ কর্মসূচি রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে সারা দিনে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। এদিকে যানবাহন চলাচল না করায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান হয়নি। আর সড়ক ও নৌপথে দূরপাল্লার যানবাহন না চলায় অফিস-আদালতে লোকজনের উপস্থিতি ছিল কম।