খাগড়াছড়ি সরকারি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ। এরপর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ও কলেজের সাবেক অধ্যক্ষ বোধিসত্ত দেওয়ান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ বলেন, এই কলেজের অনেক শিক্ষার্থী দেশে-বিদেশে নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, এ অঞ্চলের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এই অঞ্চল ও দেশের জন্য মঙ্গল হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্যসচিব ও খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ আবদুল লতিফ।আলোচনার দ্বিতীয় অধিবেশন স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, এই কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত করা এখন সময়ের দাবি।দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল র্যাফল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।