খাগড়াছড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রথম বার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির আদিবাসী পল্লিতে আগুন লাগিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার এক বছর পূর্ণ হয়েছে আজ ২৩ ফেব্রুয়ারি। গত বছরের এই দিনে বাঙালিরা আদিবাসীদের ৩৯টি বাড়ি পুড়িয়ে দেয় এবং ছয়টি বাড়িতে লুটপাট চালায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেছেন, এক বছর পার হলেও তাঁদের পুনর্বাসন করা হয়নি।সদর উপজেলার সাতভাইয়াপাড়ার বাসিন্দা চুবাথৈ মারমা (৩৮) ক্ষতিগ্রস্তদের একজন। তিনি জানান, হামলার শিকার হওয়ার পর থেকে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। প্রশাসন থেকে সাহায্য পাওয়া চার বান্ডিল টিন দিয়ে তৈরি করা ঝুপড়িঘরে তাঁরা দিন কাটাচ্ছেন। অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁরা কেউ নতুন করে ঘর তৈরি করতে পারেননি। তাঁদের মন থেকে এখনো ভয় দূর হয়নি। সার্বক্ষণিক নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।একই গ্রামের থৈঅংগ্য মগ (৫২) জানান, টাকার অভাবে এখনো ঘর নির্মাণ করতে পারেননি তিনি।খাগড়াছড়ি সদরের মহাজনপাড়ার কার্বারি (গ্রামপ্রধান) করুণাময় চাকমাও পোড়া টিন দিয়ে তৈরি করা ঝুপড়িঘরে বসবাস করছেন। টাকার অভাবে তিনি এখনো নতুন ঘর নির্মাণ করতে পারেননি।রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে আদিবাসীদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ইউপিডিএফ গত বছরের ২৩ ফেব্রুয়ারি সড়ক অবরোধের ডাক দিয়েছিল। এর জের ধরে আদিবাসী-বাঙালি সংঘর্ষ হয়। পরে বাঙালিরা আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় আদিবাসী ও বাঙালি মিলিয়ে মোট ১১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।ঘটনার পরিপ্রেক্ষিতে মোট চারটি মামলা হয়। সেগুলো এখনো চলছে।