খাগড়াছড়িতে অবৈধ ইটভাটায় কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পরপরই খাগড়াছড়ি জেলার সব কটি ইটভাটার কাজ পুরোদমে শুরু হয়েছে। খাগড়াছড়ি সদরে একটি ইটভাটায় ইতিমধ্যে আগুন জ্বালানো হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, জেলার সব কটি ইটভাটা অবৈধ। এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের হিসাবমতে, জেলায় ২৯টি ইটভাটা রয়েছে। তবে প্রকৃতপক্ষে জেলায় ইটভাটার সংখ্যা ৩৩টি। অর্ধেকের মতো ইটভাটায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি ব্যবহার করা হয়। বাকি ইটভাটাগুলোতে ৩০ ফুট উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করা হচ্ছে। সব ইটভাটায় জ্বালানি হিসেবে অবৈধভাবে কাঠ পোড়ানো হয়ে থাকে। প্রশাসন এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েও কাঠ পোড়ানো বন্ধ করতে পারছে না।
সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৪ সালের জুন পর্যন্ত পরিবেশের ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা জরিমানা দিয়ে যেকোনো ইটভাটা ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি ব্যবহার করতে পারবে। গণবিজ্ঞপ্তিতে পরিবেশবান্ধব কমপ্রেসড ব্লক ইট, হফম্যান কিলন ইত্যাদি ইটভাটা করা যাবে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার কোনো ইটভাটা পরিবেশবান্ধবভাবে স্থাপন করা হয়নি।
খাগড়াছড়ি সদরের বিভিন্ন ইটভাটা ঘুরে দেখা যায়, সদর উপজেলার সাতটি ইটভাটায় কাজ শুরু হয়েছে। ইটভাটার জন্য ধানি জমি ও পাহাড় কেটে মাটি এনে ইট তৈরির জন্য জড়ো করা হয়েছে। জ্বালানি হিসেবে জড়ো করা হচ্ছে কচি গাছের গুঁড়ি।
এ ব্যাপারে খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, ‘সম্প্রতি মন্ত্রিসভায় ইটভাটাসংক্রান্ত একটি আইন অনুমোদন করা হয়েছে। এ আইনের গেজেট এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, তিন পার্বত্য জেলায় ইটভাটা করার অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যমান ইটভাটাগুলো দ্বারা আইন লঙ্ঘন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, গত বছর জেলার প্রতিটি ইটভাটাকে আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সর্্বোচ্চ শাস্তি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ২০০৩ সাল থেকে খাগড়াছড়ি জেলার সব কটি ইটভাটার লাইসেন্স নবায়ন বন্ধ রয়েছে।