খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের দুই কর্মী আটক
খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়নের ছোট কালাপানি এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আটক হওয়া দুজন হলেন: জহলাল চাকমা ওরফে মিন্টু (৪০) এবং খিতাংছা ত্রিপুরা ওরফে মনই (২৪)। নিরাপত্তা বাহিনী তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলিসহ একটি একনলা বন্দুক, বেশ কিছু চাঁদা আদায়ের রসিদ বই ও নগদ টাকা উদ্ধার করেছে।গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহাম্মদ জানান, সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।অন্যদিকে ইউপিডিএফ রামগড় ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা গতকাল এক বিবৃতিতে তাঁদের দুই সদস্যকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি রামগড়ের পিলাভাঙা গ্রামে ভূমি দখলের প্রতিবাদ করায় ওই দুজনকে ‘অন্যায়ভাবে’ আটক করা হয়েছে দাবি করে বিবৃতিতে অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।