খাগড়াছড়িতে আ.লীগের দুটি উপজেলা হাতছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের হাতছাড়া হয়েছে দুটি উপজেলা। এর একটি বিএনপি, অন্যটি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের দখলে গেছে। ফলে উপজেলা পরিষদে তিনটির মধ্যে একটি চেয়ারম্যান পদ নিয়ে এবার সন্তুষ্ট থাকতে হচ্ছে আওয়ামী লীগকে।
গত বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি দুটি, ইউপিডিএফ দুটি এবং একটি করে আওয়ামী লীগ ও জনসংহতি সমিতি (এম এন লারমা)-সমর্থিত প্রার্থীরা জিতেছেন। ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী কেবল রামগড় উপজেলা পরিষদে জয়ী হন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা খাগড়াছড়ি সদর, মানিকছড়ি ও মাটিরাঙ্গায় জয়ী হয়েছিলেন। বিএনপি রামগড় উপজেলা পরিষদ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা মাটিরাঙ্গা উপজেলা পরিষদ এবার অন্যের দখলে চলে গেল।
বুধবারের নির্বাচনে বিএনপি দুটিতে জয় এবং খাগড়াছড়ি সদর উপজেলায় মাত্র ১৬২ ভোটের ব্যবধানে হেরেছে। ফলে বিএনপির নেতা-কর্মীরা অনেকটা চাঙা ও উল্লসিত।
অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মানিকছড়ি উপজেলা পরিষদে কেবল জয় ধরে রাখতে পেরেছেন। হারিয়েছে মাটিরাঙ্গা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি। ফলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কিছুটা হতাশ। বিএনপি ও আওয়ামী লীগ উভয় সংগঠন নিজেদের সফলতা আর ব্যর্থতা বিশ্লেষণ করছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি মনীন্দ্রলাল ত্রিপুরা উপজেলা নির্বাচনের ফলাফলে উল্লসিত। তিনি প্রথম আলোকে বলেন, ‘খাগড়াছড়ির মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। বেছে নিয়েছে বিএনপিকে। অর্থাৎ দেশের মানুষের মতো খাগড়াছড়ির বাসিন্দারাও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। এটা আওয়ামী লীগের বোঝা উচিত।’
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম সফি উপজেলা নির্বাচন সুষ্ঠু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘জনগণ আমাদের প্রার্থীদের কেন ভোট দেয়নি, সেটা বিশ্লেষণের জন্য দলীয় সভা ডাকা হবে। ব্যর্থতার কারণ সেই বৈঠকে চিহ্নিত করা হবে।’
পরাজয়ের কারণ ব্যাখ্যা করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার দলের কিছু লোক বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছে। টাকা বিলি করেছে। এতে আমার ভোট ব্যাংকে আঘাত আসে, যে কারণে এক হাজার ৭০০ ভোটে আমি পরাজিত হই।’
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলার সমম্বয়ক প্রদীপন খীসা প্রথম আলোকে বলেন, ‘তিনটি উপজেলায় আমরা তিনজনকে সমর্থন করি। এঁদের মধ্যে দুজন জয়ী হন। তাঁরা জনগণের কল্যাণের জন্য কাজ করবেন।’
ভাইস চেয়ারম্যান: এদিকে বুধবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন। আওয়ামী লীগ-সমর্থিত জয়ী ভাইস চেয়ারম্যানরা হলেন পানছড়ির লোকমান হোসেন, মানিকছড়ির তাজুল ইসলাম ও রামগড়ের আবদুল কাদের। বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান হলেন মাটিরাঙ্গার দেলোয়ার হোসেন। স্বতন্ত্র দুজন হলেন সদর উপজেলায় রনি ত্রিপুরা ও মহালছড়িতে ক্যাচিং মিং চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ একটিতে, বিএনপি দুটিতে, জনসংহতি সমিতি (এম এন লারমা) একটিতে এবং স্বতন্ত্র দুটিতে জয়ী হয়। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হাসিনা বেগম মাটিরাঙ্গা উপজেলায়, বিএনপি-সমর্থিত প্রার্থী খাদিজা আক্তার রামগড় ও রাহেলা আক্তার মানিকছড়িতে, জনসংহতি সমিতির কাকলী খীসা মহালছড়িতে এবং বিউটি রানী ত্রিপুরা সদরে ও রত্না তঞ্চঙ্গ্যা পানছড়িতে জয়ী হন।