খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ২২ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা শহরের সবজিবাজার এলাকায় গতকাল সোমবার সকালে অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত হাফিজুর রহমান বলেন, ভোররাতে একটি বাসার বৈদ্যুতিক মিটারে আগুন ধরে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। সকালে সবাই নিজ নিজ কাজে চলে যান। পরে জানতে পারেন সেই মিটার থেকে আগুন ছড়িয়ে পড়েছে। এতে তাঁদের বাড়ি পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের খাগড়াছড়ির উপপরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে একটু দেরি হয়েছে।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।