খাগড়াছড়িতে আটক জেএসএস কর্মীর হাসপাতালে মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জনসংহতি সমিতির (এমএন লারমা) এক সদস্য সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দুপুরে নিহত ব্যক্তির লাশ খাগড়াছড়ি পৌরসভা কর্তৃপক্ষের হেফাজতে ‘বেওয়ারিশ লাশ’ হিসেবে দাহ করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম তিমির বরন চাকমা। জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা তিমির বরনকে তাঁদের দলের কর্মী বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, সেনাবাহিনী তিমির বরনকে আটকের পর নির্যাতন করেছে। অসুস্থ হয়ে পড়লে েরাববার সকালে তাঁকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হলে আলামত নষ্ট করার উদ্দেশ্যে বেওয়ারিশ লাশ হিসেবে তড়িঘড়ি করে দাহ করা হয়।
তবে তিমির বরনকে নির্যাতন করা হয়নি বলে মাটিরাঙ্গার স্থানীয় সেনা সূত্র প্রথম আলোর কাছে দাবি করে।
মাটিরাঙ্গার সেনা সূত্রের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে রোববার সকাল সাড়ে ছয়টায় আটক করা হয় মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এলাকার ইন্দ্রমণি কার্বারি পাড়া থেকে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিমির বরন চাকমা দাবি করেন যে তাঁর কাছে অস্ত্র ও গোলাবারুদ আছে। এই তথ্যের ভিত্তিতে তিমির বরনকে নিয়ে সেনাসদস্যরা সকাল সাড়ে আটটার দিকে ওয়াসু রাবারবাগানে যান। সেখান থেকে একটি দেশি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়। একপর্যায়ে তিমির বরন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেনাসদস্যরা তাঁকে ধরে ফেলেন। তিমির সেনাসদস্যদের জানান, তাঁর অ্যাজমা আছে। অসুস্থ হয়ে পড়লে বেলা সাড়ে ১০টায় তাঁকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে সালমা গতকাল প্রথম আলোকে বলেন, ‘রোববার সকালে সেনাবাহিনীর সদস্যরা অসুস্থ অবস্থায় তিমির বরনকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর তখন শ্বাসকষ্ট ছিল। পরে দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়।’
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি মাটিরাঙ্গা থানার পুলিশকে জানিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। দাবিদার না থাকায় খাগড়াছড়ি পৌরসভাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাহ করতে অনুরোধ জানানো হয়।
জনসংহতি সমিতি নিহত ব্যক্তির নাম তিমির বরন বলে দাবি করলেও মাটিরাঙ্গা থানার পুলিশের রেকর্ড অনুযায়ী নিহতের নাম দুরন বাবু চাকমা। খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল ইসলামের কাছে পুলিশের দেওয়া চিঠিতে লাশের ঠিকানা দেওয়া হয়েছে দুরন বাবু চাকমা, গ্রাম বনরূপা, উপজেলা মাটিরাঙ্গা, রাঙামাটি। তবে এ ঠিকানায় সংশ্লিষ্ট থানা থেকে দুরন বাবু চাকমা নামের কারও পরিচয় পাওয়া যায়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, রাঙামাটি জেলায় মাটিরাঙ্গা নামে কোনো উপজেলা নেই। মাটিরাঙ্গা খাগড়াছড়ির একটি উপজেলা।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জানান, পুলিশের পক্ষ থেকে অনুরোধ পাওয়ার পর লাশ মহাজনপাড়া মহাশ্মশানে দাহ করা হয় রোববার রাত ১০টায়।
খাগড়াছড়ি জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক সঞ্জীব ত্রিপুরা জানান, ‘দুরন চাকমা নামের এক ব্যক্তির লাশ ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ লাশ নিয়ে এসেছে। আমরা ময়নাতদন্ত করে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করেছি। ময়নাতদন্ত প্রতিবেদনও পুলিশের কাছে দেওয়া হবে।’
খাগড়াছড়ির গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ গতকাল প্রথম আলোকে বলেন, সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত তিমির বরনের সঙ্গে আটক হওয়া তিনজনকে এই থানায় হস্তান্তর করা হয়। এর হলেন নিশিমণি চাকমা (৪০), অমর কান্তি চাকমা (১৮) ও রিয়েল ত্রিপুরা (৩৪)।
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল জনসংহতি সমিতির নেতা প্রশান্ত চাকমার দাবি, নিহত তিমির বরন পার্বত্য চুক্তির আলোকে অস্ত্রসমর্পণ করা শান্তিবাহিনীর একজন সদস্য। তিনি সরকার থেকে রেশন পান। তিনি আরও দাবি করেন, তিমির বরন তাঁর বন্ধুর সঙ্গে মাটিরাঙ্গায় বেড়াতে গিয়েছিলেন। তাঁর বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ভৈরপা গ্রামে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে গতকাল রাতে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।