খাগড়াছড়িতে আদিবাসী তরুণী হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, সবিতা চাকমাকে গলা টিপে হত্যা করা হয়েছে, ধর্ষণের কোনো চিহ্ন নেই। মেডিকেল রিপোর্টের এ ফলাফলে কমলছড়ির গ্রামবাসীরা হতাশা প্রকাশ করেছেন।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের বিষয়টি নেই। তাই ঘটনার কারণ গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখন অনেক কিছু বলা যাচ্ছে না।
এদিকে গতকাল সোমবার মামলার বাদী খাগড়াছড়ি আমলি আদালতে হাজির হয়ে বাদী ও সাক্ষীদের ১৬১ ধারায় জবানবন্দি নেওয়ার আবেদন জানিয়েছেন।
১৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি গ্রামের চর এলাকায় শিমগাছের ঝোপের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় সবিতা চাকমার (৩০) লাশ উদ্ধার করা হয়। পরদিন সবিতা চাকমার স্বামী দেব রতন চাকমা বাদী হয়ে খাগড়াছড়ি থানায় হত্যা মামলা করেন। মামলায় সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ না করলেও কমলছড়ি চর এলাকা থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত ট্রাক্টরের চালক ও শ্রমিকদের সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছেন।
মামলার আট দিন পরও পুলিশের তদন্তে কোনো অগ্রগতি না দেখে গতকাল সোমবার মামলার বাদী দেব রতন চাকমা খাগড়াছড়ি আমলি আদালতে হাজির হয়ে বাদী ও সাক্ষীদের ১৬১ ধারায় জবানবন্দি গ্রহণে পুলিশের তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দানের জন্য আবেদন জানান। আবেদনের শুনানি শেষে আদালত মন্তব্য করেন, আদালত তদন্তকারী কর্মকর্তাকে এ নির্দেশ দিতে পারেন না। তবে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন মনে করলে ১৬১ ধারায় জবানবন্দি নিতে পারেন।
গ্রামবাসী জানান, ঘটনার দিন ওই স্থান থেকে একটি ট্রাক্টর বালু তোলার কাজ করছিল। সেদিন দুপুরে চর এলাকায় ট্রাক্টরটি নষ্ট হওয়ায় কয়েক ঘণ্টা অবস্থান করছিল এবং পরবর্তী সময়ে তা মেরামত করে ফিরে যায়। নিহত নারীর শরীরে গাড়ি মেরামতের কালো তৈলাক্ত কালি দাগের চিহ্ন পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা পাওয়া যায়, ট্রাক্টরের শ্রমিকেরাই সবিতাকে হত্যা করেছিলেন। এ বিষয়টি মামলার এজাহারেও বলা হয়েছে।
গতকাল সকালে কমলছড়ি গ্রামে গিয়ে দেখা যায়, নিহত সবিতা চাকমার শ্রাদ্ধক্রিয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।