খাগড়াছড়িতে আদিবাসীদের জমি দখলের অভিযোগ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় আদিবাসীদের ভূমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। আদিবাসীদের অভিযোগ গত রোববার পুলিশের উপস্থিতিতে আদিবাসীর জমিতে জোর করে বসতঘর নির্মাণ করা হয়েছে। এর জেরে গত সোমবার খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক সাত ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয় আদিবাসীরা। স্থানীয় আদিবাসীরা জানায়, লেমুছড়ি এলাকার রাসেচু কার্বারিপাড়ার সুনীল কান্তি চাকমা লেমুছড়ি মৌজার আড়াই একর জমির মালিক। জমির বন্দোবস্ত আড়াই একর হলেও জরিপ না হওয়ায় চৌহদ্দি মোতাবেক সেই জায়গাটি পাঁচ-ছয় একর হবে। ১৯৬৪-৬৫ সাল থেকে জায়গাটি সুনীল কান্তি চাকমা ও তাঁর পরিবার ভোগ করে আসছিল। কয়েক দিন আগে পুনর্বাসিত বাঙালি মো. মজিদ ওই জায়গাটি ১৯৭৯-৮০ সালে তার নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে—এমন দাবি তুলে ঘর নির্মাণের উদ্যোগ নেন। এর পরিপ্রেক্ষিতে সুনীল কান্তি চাকমার ছেলে ক্যারিংটন চাকমা মহালছড়ি থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষকে থানায় ডাকলে মো. মজিদ উপস্থিত হননি। পরদিন রোববার সেনা ও পুলিশের উপস্থিতিতে ওই জমিতে বসতঘর নির্মাণ করে শতাধিক বাঙালি।লেমুছড়িতে পাহাড়িদের জমিতে বাঙালিদের বাড়িঘর নির্মাণের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সমিতির অভিযোগ, রোববার সকালে শতাধিক পুনর্বাসিত বাঙালি সংঘবদ্ধ হয়ে লেমুছড়ি মৌজাধীন লেমুছড়ি এলাকায় সুনীল কান্তি চাকমার আট একর এবং রিপন তালুকদারের তিন একর বন্দোবস্ত করা জায়গা জবরদখল করে ১০টি বাড়ি নির্মাণ করে।