খাগড়াছড়িতে ইউপিডিএফের সংগঠক গ্রেপ্তার
ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মিঠুন চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে খাগড়াছড়ির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী বলেন, মিঠুন চাকমার বিরুদ্ধে ২০১৩ সালে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আসা নেতা-কর্মীদের ওপর হামলা, বোমা হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষসহ ১০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া মিঠুন চাকমা বিভিন্ন সময়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করে সাম্প্রদায়িক উসকানি দিয়ে আসছিলেন। এ কারণে তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে মামলার প্রস্তুতি চলছে।
মিঠুন চাকমাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফের কেন্দ্রীয় প্রকাশনা ও তথ্য বিভাগের সম্পাদক নিরণ চাকমা বলেছেন, ইউপিডিএফের বিরুদ্ধে সরকারের হয়রানি ও নিপীড়নমূলক কর্মসূচির অংশ হিসেবে মিঠুন চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি মিঠুন চাকমা রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে লেখালেখি করতেন।