খাগড়াছড়িতে একই রাতে দুটি স্থানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিমপাড়া ও মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তাইন্দং বাজারে গত বৃহস্পতিবার রাতে দুটি পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মুসলিমপাড়ায় রাত সোয়া ১২টায় ইউসুফের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাশের তিনটি দোকান ও ১৭টি বাড়ি পুরোপুরি পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর শাহ আলম জানান, অগ্নিকাণ্ডে চারটি দোকানসহ ২১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকা।জেলা প্রশাসক আনিসুল হক ভূইয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গতকাল শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সূত্র জানায়, মাটিরাঙ্গার তাইন্দং বাজারে রাত আড়াইটায় আগুন লাগে। স্থানীয় লোকজন ও রামগড় উপজেলার দমকলকর্মীরা এসে ভোররাত পৌনে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আনেন।