খাগড়াছড়িতে কয়েকটি হামলার ঘটনায় উদ্বেগ
জুলাই মাসের প্রথম ১১ দিনে খাগড়াছড়িতে তিনটি সশস্ত্র হামলার ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের সবাই আঞ্চলিক রাজনৈতিক দলের নেতা-কর্মী। পরপর কয়েকটি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল।প্রসঙ্গত, ১ জুলাই দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের খামার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জনসংহতি সমিতির (এমএন লারমা) দীঘিনালা উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রীতি খীসা গুরুতর জখম হন। ৮ জুলাই একই উপজেলা সদরের পাশে নারিকেল বাগান এলাকায় সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের তিন নেতা-কর্মী আহত হন। সর্বশেষ গত ১১ জুলাই খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের বড়ইতলি গ্রামে সশস্ত্র হামলায় গণতান্ত্রিক যুব ফোরামের জেলা কমিটির সদস্য মিলন চাকমা গুরুতর আহত হন।খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়িতে সশস্ত্র হামলার ঘটনা বৃদ্ধি পাওয়া খুবই উদ্বেগজনক।’খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবিশংকর চাকমা বলেন, ‘পরপর কয়েকটি সশস্ত্র হামলার ঘটনায় আমরা বিচলিত।’খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কানন দেবনাথ বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্বের কারণে এগুলো ঘটছে। এসব ঘটনা রোধে পুলিশ পদক্ষেপ গ্রহণ করছে।