খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের বড়ইতলী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ-সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল পৌনে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মিলন চাকমা (২৬)। তাঁর বাড়ি জেলার মহালছড়ি উপজেলার কিয়ঙঘাট গ্রামে। যুব ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা কমিটির সদস্য মিলন চাকমা সাংগঠনিক কাজে বড়ইতলী গ্রামে গিয়েছিলেন।খাগড়াছড়ি জেলা হাসপাতালে গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পাশে বড়ইতলী গ্রামের একটি দোকানে গিয়ে অজ্ঞাত দুই ব্যক্তি ইউপিডিএফের কর্মীদের খোঁজ করতে থাকে। দোকানে বসা সাধারণ লোকজন যুব ফোরামের কর্মী মিলন চাকমাকে দেখিয়ে দেয়। ওই দুই ব্যক্তি ‘কথা আছে’ বলে মিলনকে কিছু দূরে নিয়ে যায়। এ সময় এক ব্যক্তি মিলনকে লক্ষ্য করে গুলি করলে তাঁর বুকের বাঁ পাশে লাগে।আহত মিলনকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা।