খাগড়াছড়িতে গভীর খাদে বাস, শিশুসহ নিহত ৫

খাগড়াছড়িতে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
নিহত ব্যক্তিরা হলেন মহিমা বেগম (২৫) ও তাঁর ছেলে আল আমিন (৬), মুসলিম উদ্দিন (৬০), হৃদ্দি চাকমা (৬ মাস) এবং গাড়িচালক বাহার উদ্দিন (২৬)।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বাস জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একটি শিশু ও গাড়ির চালকসহ তিনজন নিহত হন। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন।
আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ও ১৭ জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজনকে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম মশিউর রহমান ও সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী মো. হুমায়ুন রশীদ।