খাগড়াছড়িতে চার শ্রমিক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের একটি সেতু নির্মাণ প্রকল্পের মাটি কাটার কাজে নিয়োজিত চার শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার রাত ১১টায় ব্যাঙমারা সেতুর আশপাশে গুলির শব্দ শোনা পাওয়া যায়। এর পর থেকে ওই চার শ্রমিক নিখোঁজ রয়েছেন।
খাগড়াছড়ি-ফটিকছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে ১৬টি সেতুর নির্মাণকাজ চলছে। মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা সেতুটি বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে।
নিখোঁজ চার শ্রমিক হলেন মো. ফারুক, লিয়াকত হোসেন, বুলডোজারচালক মো. রাজু ও চালকের সহকারী হাসান।
সেতু নির্মাণকাজের প্রহরী স্থানীয় বাসিন্দা সুনীতি চাকমা বলেন, ‘রাত ১১টার দিকে গুলির শব্দ শুনতে পাই। এর পর থেকে চারজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

সেতুর নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ার অ্যান্ড সন্স। প্রতিষ্ঠানের মালিক হাসানুজ্জামান মোবাইলে প্রথম আলোকে বলেন, চার শ্রমিক নিখোঁজের খবর তিনি শুনেছেন। কারা ঘটনাটি ঘটিয়েছে তা তিনি জানেন না। তবে তিনি বলেন, তিন-চার দিন আগে কয়েক ব্যক্তি চাঁদা দাবি করেছিল।
এ ঘটনার জন্য হাসানুজ্জামান আঞ্চলিক দল ইউপিডিএফ ও জনসংহতি সমিতি (এম এন লারমা) সম্পৃক্ত থাকতে পারে বলে মন্তব্য করেন।

এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ কেন করছেন না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠান সেতু নির্মাণের কাজ করবে। নিখোঁজ শ্রমিকেরা সেতুর জন্য পাহাড়ের মাটি কাটার কাজ করছিল। মাটি কাটার কাজটি অন্যরা করছে।’

রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান বেলা আড়াইটায় প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা অপহূত হয়েছে, এমন দাবি করে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। শোনা কথার ভিত্তিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অবস্থান করছে। বিষয়টি আমরা আরও খোঁজ খবর নিচ্ছি।’