খাগড়াছড়িতে চালক নিখোঁজ
খাগড়াছড়ির পানছড়ি থেকে নিখোঁজ ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক মোহাম্মদ হোসেনের (৩০) খোঁজ মেলেনি এখনো। গত বৃহস্পতিবার তিনি নিখোঁজ হন।
নিখোঁজ মোহাম্মদ হোসেনের বাড়ি পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর গ্রামে। নিখোঁজ হোসেনের মা নুরজাহান বেগম গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় পানছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে হোসেন পানছড়ি বাজারে ছিলেন। বিকেল পাঁচটার দিকে ২৬-২৭ বছর বয়সী দুই যুবক সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়া যাওয়ার জন্য হোসেনের মোটরসাইকেল ভাড়া করেন। এরপর তিনি ওই দুই যুবককে নিয়ে ভাইবোনছড়ার উদ্দেশে যাত্রা করেন। তারপর থেকে হোসেন নিখোঁজ।
হোসেনের স্ত্রী মালেকা বেগম বলেন, নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর স্বামীর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
পানছড়ি থানার ওসি আবদুল জব্বার বলেন, দুই মেয়ের বাবা নিখোঁজ হোসেনের সন্ধানে পুলিশ অভিযান শুরু করেছে।