খাগড়াছড়িতে চিকিৎসকের দুই-তৃতীয়াংশ পদই শূন্য
খাগড়াছড়ির সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের পদ রয়েছে ১২৭টি। কিন্তু বর্তমানে কর্মরত আছেন সিভিল সার্জনসহ ৪০ জন। এতে জেলার অনেক সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।গত সোমবার ৪৮ হাজারের বেশি জনসংখ্যা অধ্যুষিত মহালছড়ি উপজেলার একমাত্র হাসপাতাল মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, এ হাসপাতালে মাত্র তিনজন চিকিৎসক কর্মরত আছেন। অথচ সেখানে চিকিৎসকের পদ ১৪টি। কর্মরত তিন চিকিৎসকের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একজন চিকিৎসা কর্মকর্তা ও একজন দন্ত চিকিৎসক।হাসপাতালের কর্মচারীরা জানান, হরতালের কারণে চিকিৎসকেরা অনুপস্থিত। হাসপাতালে আসা রোগীদের দেখে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছেন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা জীবন কৃষ্ণ শর্মা। হাসপাতালের হিসাব অনুযায়ী, সেদিন ৬০ জন রোগী হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে। সাধারণত এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৭৫ জন রোগী সেবা নেয়।হাসপাতাল সূত্র জানায়, গুরুতর কোনো রোগী হাসপাতালে এলে তাদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এই হাসপাতাল থেকে প্রতি সপ্তাহে গড়ে ১২-১৩ জন রোগী সেখানে পাঠানো হয়।খাগড়াছড়িতে সরকারি হাসপাতাল আটটি। এর মধ্যে একটি আধুনিক সদর হাসপাতাল। বাকিগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। খাগড়াছড়ির সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র অনেকটা মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো। খাগড়াছড়ির সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের পদ রয়েছে ১২৭টি। কিন্তু বর্তমানে কর্মরত আছেন সিভিল সার্জনসহ ৪০ জন। সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরী বলেন, চিকিৎসকের শূন্য পদগুলো পূরণের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তাঁর দাবি, কর্মরত চিকিৎসকের সংখ্যা কম হলেও জেলায় চিকিৎসাসেবা কোনোভাবেই ব্যাহত হচ্ছে না। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২০ জন চিকিৎসকের পদ রয়েছে। কিন্তু বর্তমানে কর্মরত আছেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ জন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সনজীব ত্রিপুরা বলেন, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক কম থাকায় রোগীদের অনেক সময় চট্টগ্রামে পাঠাতে হয়। তিনি জানান, জেলার সব উপজেলাসহ রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলা থেকেও রোগীরা এই হাসপাতালে সেবা নিতে আসে। তাই ৫০ শয্যার হাসপাতালে প্রায় সব সময় ৮০ জনের ওপরে রোগী ভর্তি থাকে।সদর হাসপাতালে বুধবার দেখা যায়, বারান্দায় শয্যা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের এক কর্মচারী বলেন, এই চিত্র সারা বছরই দেখা যায়। হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে কোনো অভিযোগ না করলেও রোগীরা বলেন, হাসপাতালের শৌচাগার নোংরা। এ ছাড়া পানির অভাবও রয়েছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে কাজ করছে। টিআইবির আঞ্চলিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালে নারী ও পুরুষের জন্য আলাদা শৌচাগার নেই। শৌচাগার অপরিষ্কার থাকে। এ ছাড়া পানির সরবরাহও পর্যাপ্ত নয়। তিনি বলেন, হাসপাতালে বিদ্যুৎ না থাকলে জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু এই জেনারেটরের সাহায্যে ইসিজি ও এক্স-রে যন্ত্র চালানো হয় না। ওই সময় রোগীরা বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে গিয়ে পরীক্ষা করাতে বাধ্য হয়। তা ছাড়াও হাসপাতালে চিকিৎসক, সেবিকা ও কর্মচারীর সংকট রয়েছে।এদিকে ২০০৫ সালে খাগড়াছড়ি সদর হাসপাতালকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার কাজ হাতে নেওয়া হয়। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে তিনতলা ভবনের নির্মাণকাজ শেষ হয় ২০০৯ সালে। ওই বছরের ডিসেম্বরে স্বাস্থ্য বিভাগের কাছে ভবনটি বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ভবন প্রস্তুত হলেও এখনো ১০০ শয্যার হাসপাতাল চালু ও প্রয়োজনীয় জনবলের অনুমোদন দেওয়া হয়নি। এতে খাগড়াছড়িবাসীর কাছে ১০০ শয্যার হাসপাতাল এখনো স্বপ্নই রয়ে গেছে।