খাগড়াছড়িতে ছাত্র-পুলিশ সংঘর্ষ এএসপিসহ আহত ২৫
খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় গতকাল বুধবার পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে একজন সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার ১১তম কাউন্সিল উপলক্ষে গতকাল বেলা ১১টায় স্বনির্ভর এলাকায় সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। সমাবেশের পর ওই সংগঠনের কর্মীরা মিছিল করার উদ্যোগ নিলে পুলিশ বাধা দেয়। দুপুর সোয়া দুইটার দিকে পুলিশের সঙ্গে পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের সংঘর্ষ বেধে যায়। পরে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।জানা যায়, প্রথমে মিছিলকারীরা পুলিশের ওপর হামলা করলে খাগড়াছড়ি সদর সার্কেলের (এএসপি) আল আসাদ মাহফুজুর ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ সাতজন পুলিশ আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন সাংবাদিকদের জানান, পাহাড়ি ছাত্র পরিষদকে শুধু সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। মিছিলের অনুমতি ছিল না। তিনি বলেন, মিছিলে পুলিশ বাধা দিলে ওই সংগঠনের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি করে।এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে বিক্ষোভকারীরা নারানখিয়া ও উত্তর খবংপড়িয়া এলাকায় আশ্রয় নেয়। সেখান থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলতি নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ ওই এলাকায় গিয়ে বাসায় বাসায় তল্লাশি চালায়। অভিযোগ উঠেছে, টিউফা মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রবি রণন চাকমা ও তাঁর মাকে পুলিশ তাঁদের উত্তর খবংপড়িয়ার বাসা থেকে মারধর করে ধরে নিয়ে যায়। একইভাবে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অমীয় চাকমা ও তাঁর মাকে আটক করা হয়। একই এলাকা থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল প্রোগ্রামের ছাত্র অমর জীবন চাকমা ও দেওয়ান বাজারে সবজি বিক্রি করতে আসা কীর্তি রঞ্জন ত্রিপুরাকেও পুলিশ আটক করে।পরে পুলিশ দেওয়ান বাজারের বটতলায় পানছড়ি-খাগড়াছড়ি সড়কে গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে কয়েকজনকে আটক ও মারধর করে। এএসপি আল আসাদ মাহফুজুর ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে জানান, বেশ কয়েকজনকে আটক করলেও ছেড়ে দেওয়া হয়। শেষমেশ ১০ জনকে আটক রাখা হয়েছে। সংঘর্ষের সময় প্রথম আলোর খাগড়াছড়ির আলোকচিত্রী দায়িত্ব পালন করতে গেলে পুলিশ তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। তাঁর দুটি ক্যামেরা নিয়ে যান সদর থানার ওসি আবুল কালাম আজাদ। এ সময় ওসি বলেন, পুলিশ তৎপরতা চালালে ছবি ওঠায়। আর পুলিশের ওপর হামলা হলে ছবি ওঠানো হয় না। অবশ্য গুরুত্বপূর্ণ ছবি মুছে ক্যামেরা দুটি সন্ধ্যার দিকে ফেরত দেওয়া হয়। সংঘর্ষের খবরে পাহাড়ি ছাত্র পরিষদের সমর্থকেরা খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকায় একটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করে। এতে ছয়-সাতজন যাত্রী সামান্য আঘাত পান।পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে মিছিলে হামলা চালিয়ে তাঁদের ২০ নেতা-কর্মীকে আহত করেছে। এ সময় পুলিশ শটগানের গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রশাসন থেকে মিছিলের অনুমতি না থাকা সত্ত্বেও কেন মিছিল করতে গেলেন—এমন প্রশ্নের জবাবে অংগ্য মারমা বলেন, মিছিল সমাবেশ করা সাংবিধানিক অধিকার।