খাগড়াছড়িতে গত ছয় দিনে চার ব্যক্তি খুন হয়েছেন। ইউপিডিএফ ও জনসংহতি সমিতি (এমএন লারমা) এসব হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে। জনসংহতি সমিতি (সন্তু লারমা) এ অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের জন্য পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ।গত ২৯ জুন রূপায়ণ দেওয়ান ও সুধাসিন্ধু খীসার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (এমএন লারমা) পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুপন চাকমা ওরফে সাগরভাসাকে (৪২) গুলি করে হত্যা করা হয়। ২ জুলাই দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের চোংড়াছড়ি তাসবাড়ি এলাকায় হত্যা করা হয় একই সংগঠনের কর্মী মিথন চাকমাকে (৪০)। বৃহস্পতিবার (৪ জুলাই) গুলি করে হত্যা করা হয় একই সংগঠনের কর্মী ভদ্র চাকমা ওরফে জার্মানকে (৪০)। একই ঘটনায় গুলিতে প্রাণ হারান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী সমীরণ চাকমা (৩২)। ইউপিডিএফ ও জনসংহতি সমিতি (এমএন লারমা) এসব হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র ক্যাডারদের দায়ী করেছে। তবে জনসংহিত সমিতি (সন্তু লারমা) এ অভিযোগ অস্বীকার করে আসছে। জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমার অভিযোগ, ভ্রাতৃঘাতী সংঘাত সন্তু লারমাই করে যাচ্ছেন। তিনিই একের পর এক তাঁর (সন্তু লারমা) বিরুদ্ধবাদীদের হত্যা করছেন। তিনি বলেন, তাঁর দল জনমতের ওপর শ্রদ্ধাশীল। সাধারণ জনমত কখনো ভ্রাতৃঘাতী সংঘাত চায় না। ভ্রাতৃঘাতী সংঘাত অবিলম্বে বন্ধ হোক, তাঁর দলও তা চায়। ইউপিডিএফের তথ্য ও প্রচার শাখার সদস্য নিরণ চাকমা বলেন, ভ্রাতৃঘাতী সংঘাত সন্তু লারমার জন্যই বন্ধ হচ্ছে না। তিনি তাঁর বিরুদ্ধবাদীদের নির্মূলের ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার কারণে আজকের এই হত্যাকাণ্ড। তিনি বলেন, ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে পাহাড়ি সমাজের বিশিষ্টজনেরা উদ্যোগ নিলে সে উদ্যোগকে ইউপিডিএফ স্বাগত জানাবে। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘আমাদের দলে কোনো সশস্ত্র গ্রুপ নেই। তাই সশস্ত্র হামলার ঘটনায় আমাদের দলের কোনো সংশ্লিষ্টতার সুযোগ নেই। তাদের (ইউপিডিএফ ও জনসংহতি সমিতি-এমএন লারমা) অভ্যন্তরীণ কোন্দলেই এসব হচ্ছে।’ তিনি বলেন, ইউপিডিএফ ও জনসংহতি সমিতি (এমএন লারমা) সশস্ত্র তৎপরতা বন্ধ করলে সংঘাত আপনা-আপনিই বন্ধ হয়ে যাবে।এদিকে পাহাড়ের সাধারণ মানুষ ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া গ্রামের সমাজসেবক ধীমান খীসা বলেন, এ ভ্রাতৃঘাতী সংঘাত কখনো কাম্য নয়। এসব করে আদিবাসীদের অধিকার আদায় হবে না। তিনি আঞ্চলিক দলগুলোর প্রতি হানাহানি বন্ধের আবেদন জানান। খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্রমোহন রোয়াজা বলেন, এটা খুবই দুঃখজনক। আদিবাসীরা এসব কর্মকাণ্ড নিয়ে শঙ্কিত। যেহেতু সব আঞ্চলিক দলই আদিবাসীদের অধিকার নিয়ে আন্দোলন করছে, তাদের উচিত এক হয়ে আন্দোলন চালিয়ে যাওয়া। ভ্রাতৃঘাতী সংঘাত বাড়লে আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলন আরও পিছিয়ে পড়বে।