খাগড়াছড়িতে জনতা ব্যাংকের ১৯ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংকের খাগড়াছড়ি শাখার ভল্ট ভেঙে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ১৯ লাখ টাকা নিয়ে গেছে। গতকাল শুক্রবার সকালে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাংকে গেলে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ব্যাংকের দারোয়ান মিলন আহম্মেদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ব্যাংক বন্ধ থাকলেও কাজের চাপ থাকায় গতকাল ছুটির দিনেও সকালে তাঁরা ব্যাংকে যান। ভেতরে ঢুকে দেখেন ব্যাংকের ভল্ট ভাঙা। জনতা ব্যাংকের খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী জানান, দুর্বৃত্তরা ভল্ট ভেঙে ১৮ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকা ও ২০ হাজার ২০০ টাকার প্রাইজবন্ড নিয়ে গেছে। খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিক জানান, ভল্ট ভেঙে ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দারোয়ান মিলন আহম্মেদ চৌধুরীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।