খাগড়াছড়িতে জরুরি প্রসূতি সেবা শুধু জেলা সদরেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শুকনাছড়ি গ্রামের বীণা চাকমা ৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কন্যাশিশু জন্ম দিয়েছেন। হাসপাতালে সেবিকাদের সহায়তায় মা ও মেয়ে উভয়ই সুস্থ আছে। বীণা চাকমার সন্তান প্রসবের সময় যদি কোনো জটিলতা দেখা দিত, তাহলে তাঁকে জেলা সদরের হাসপাতালে আসতে হতো। কারণ, খাগড়াছড়ি জেলা সদরে শুধু সদর হাসপাতাল ও খাগড়াছড়ি মা ও শিশুকল্যাণ কেন্দ্র ছাড়া অন্য কোথাও জরুরি প্রসূতিসেবা পাওয়া যায় না।খাগড়াছড়ির সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরী বলেন, জেলায় দুটি কেন্দ্রে জরুরি প্রসূতিসেবার সুবিধা রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা চালু করা হবে। ইতিমধ্যে কেন্দ্রটি চালু করার জন্য একজন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরেকজনকে সার্জারির প্রশিক্ষণে পাঠানো হয়েছে। মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা জানান, গত জানুয়ারি মাস থেকেই তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সে সীমিতভাবে সন্তান প্রসব করানো হচ্ছে। গত তিন মাসে হাসপাতালে আটটি শিশুকে স্বাভাবিকভাবে প্রসব করানো হয়েছে এবং চারজন প্রসূতিকে জটিলতার জন্য খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।খাগড়াছড়ি জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক সনজীব ত্রিপুরা বলেন, সাধারণভাবে গড়ে মাসে শতাধিক প্রসূতির সন্তান প্রসব করানো হচ্ছে। এর মধ্যে মাসে অন্তত ১৫-২০টির মতো গর্ভবর্তীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করাতে হচ্ছে। সার্জারির প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বাড়ানো গেলে হাসপাতালে আরও বেশিসংখ্যক গর্ভবর্তী মাকে সেবা দেওয়া সম্ভব হতো। খাগড়াছড়ি মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসক আশুতোষ চাকমা বলেন, বাইরের উপজেলাগুলো থেকে যেসব গর্ভবর্তীকে হাসপাতালে নিয়ে আসা হয় তাদের অনেকের অবস্থা খুবই খারাপ থাকে। উন্নয়নকর্মী শুভাশীষ চাকমা জানান, খাগড়াছড়ি জেলার ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার সুবিধা অনুযায়ী জেলায় আরও অন্তত তিনটি হাসপাতালে জরুরি প্রসূতিসেবা কেন্দ্র চালু করা প্রয়োজন। প্রথমেই দীঘিনালা উপজেলায় এই কেন্দ্র চালু করা প্রয়োজন। এতে দীঘিনালা উপজেলাসহ রাঙামাটির দুটি উপজেলা বাঘাইছড়ি ও লংগদুর বাসিন্দারাও এর সুফল ভোগ করতে পারবে। আর বাকি দুটির একটি জেলার সবচেয়ে জনবহুল উপজেলা মাটিরাঙ্গা ও অপরটি মানিকছড়ি উপজেলায় চালু করা প্রয়োজন।