খাগড়াছড়িতে ঝুঁকি নিয়ে সেতু পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি-কমলছড়ি সড়কের বটতলী এলাকার বেইলি সেতুটির কয়েকটি পাটাতন খুলে গেছে। এ কারণে পথচারী ও হালকা যানগুলো খুবই ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে।খাগড়াছড়ি পৌরসভা সূত্র জানায়, তিন সপ্তাহ আগে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ওই সেতুটির চারটি পাটাতন খুলে যায়। অর্থের অভাবে সেতুটি পুনর্নির্মাণ করতে পারছে না পৌরসভা কর্তৃপক্ষ।পৌরসভার গোলাবাড়ী এলাকার নেউইন চাকমা বলেন, এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত পথচারী ও ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল করে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও অনেকটা বাধ্য হয়ে সেতুটির ওপর দিয়ে চলাচল করতে হয়।ব্যাটারিচালিত অটোরিকশার চালক রূপায়ণ চাকমা বলেন, ‘সেতুটি পারাপারের সময় যাত্রীদের নামিয়ে দিই। জীবনের ঝুঁকি নিয়ে আমি অটোরিকশা চালিয়ে সেতুটি পার হই।’সরেজমিনে দেখা যায়, সেতুর মধ্য সারির চারটি পাটাতন খুলে গেছে। এর মধ্যে দুটি সেতুর সঙ্গে ঝুলে আছে, বাকি দুটি খালে পড়ে গেছে। এ ছাড়া সেতুর প্রতিটি পাটাতন বাঁকা ও মোচড়ানো। সেতুর ওপর দিয়ে চলাচল করার সময় পাটাতন নড়েচড়ে ওঠে ও শব্দ হয়।খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, বর্তমান পৌর পরিষদ নির্বাচিত হওয়ার পর চেঙ্গী নদীর ভাঙনের হাত থেকে রক্ষা করতে সেতুটি বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয়। সেতুটি এতই পুরোনো ও জরাজীর্ণ যে এটি মেরামত করাও সম্ভব নয়। পৌরসভার নতুন সেতু নির্মাণের মতো অর্থও নেই।সেতুটি চলাচলের উপযোগী রাখতে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন মেয়র রফিকুল আলম।