খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা সদরের খাগড়াছড়ি ইউনিয়নের গড়গর্য্যাছড়ি গ্রাম থেকে গতকাল সোমবার ভোরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিন ইউপিডিএফ কর্মীকে আটক করেছে। আটকের পর তাঁদের খাগড়াছড়ি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী গড়গর্য্যাছড়ি গ্রামে অভিযান চালায়। অভিযানে সেনারা আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে আটক করে। এ সময় ইউপিডিএফের কিছু প্রচারপত্র, দলীয় পতাকা, দলিলপত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ছোট হাজাছড়া গ্রামের লোকেন্দ্র চাকমা (১৮), সদর উপজেলার তেঁতুলতলা এলাকার ডাকফ্ মারমা (২২) ও রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মাচালং এলাকার রকেট চাকমা (২৭)। খাগড়াছড়ি থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক ছাগির আহম্মদ বলেন, আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিরা থানাহাজতেই রয়েছেন। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক কালোপ্রিয় চাকমা এক বিবৃতিতে অভিযোগ করেন, তাঁদের সংগঠনের তিন নেতা-কর্মীকে অন্যায়ভাবে বিনা অপরাধে সেনাসদস্যরা আটক করেছেন। আটকের পর তাঁদের বেদম মারধর করা হয়।