খাগড়াছড়িতে দলের সমর্থন আদায়ে প্রার্থীদের তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর খাগড়াছড়ির ছয়টি উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। দলের সমর্থন আদায়ে জেলা পর্যায়ের নেতাদের কাছে লবিং শুরু করেছেন। আওয়ামী লীগ ও বিএনপি এবং দুটি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জনসংহতি সমিতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় জেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।
জেলার আটটি উপজেলার মধ্যে খাগড়াছড়ি সদর, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও রামগড় উপজেলায় ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২৫ জানুয়ারি। জেলার অপর দুটি উপজেলা দিঘীনালা ও লক্ষ্মীছড়ির নির্বাচন পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।
বিভিন্ন দলের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন নির্দলীয় হলেও দল থেকে কোনো এক প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। তবে কোনো দলই এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। কোনো কোনো দল কৌশলগত কারণেও প্রার্থীর নাম গোপন রাখছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীর দত্ত চাকমা বলেন, ‘ছয়টি উপজেলায় আমাদের সমর্থিত প্রার্থী অবশ্যই থাকবে। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অসাম্প্রদায়িক ও উজ্জ্বল ভাবমূর্তিসম্পন্ন ব্যক্তিকেই গুরুত্ব দেওয়া হবে।’
নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে জেলা বিএনপির সহসভাপতি মনীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ছয় উপজেলাতেই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছি। সে ক্ষেত্রে দলের বাইরেও গ্রহণযোগ্য কেউ যদি থাকেন, যিনি সরকারবিরোধী আন্দোলনে অবদান রাখতে পারবেন, তাঁকেও সমর্থন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।’
ইউপিডিএফের জেলা সমন্বয়ক প্রদীপন খীসা বলেন, উপজেলা নির্বাচনে তাঁদের সংগঠনের কোনো সদস্য অংশ নেবেন না। তবে প্রার্থীদের মধ্যে যাঁরা অধিকতর গ্রহণযোগ্য, সৎ, সাম্প্রদায়িকতা এবং দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে অবস্থান রয়েছে, তাঁদের সমর্থন দেবে সংগঠনটি।
জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, ছয়টি উপজেলাতেই সংগঠনের প্রার্থীকে সমর্থন দেবে জনসংহতি সমিতি। আবার কোনো উপজেলায় অন্য কোনো সমমনা দলের সঙ্গে নির্বাচনী ঐক্যও হতে পারে।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শানে আলম বলেন, নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে তাঁর।