খাগড়াছড়িতে দুই ধারায় বিভক্ত বিএনপির কর্মসূচি
বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খাগড়াছড়ি জেলার দ্বিধাবিভক্ত বিএনপি পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। উভয় পক্ষ পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে খাগড়াছড়িতে স্থাপিত জিয়া ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করে।গতকাল সকাল ১০টায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বাধীন অংশ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে জিয়া ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর দলীয় কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভা করে কর্মসূচি শেষ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বাধীন জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহসভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরা, কংচাইরী মাস্টার, আমীন শরীফ, সদর উপজেলা শাখার সভাপতি অনিমেষ দেওয়ান, পৌর বিএনপির সভাপতি আবদুর রব রাজা প্রমুখ।এরপর দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সমীরণ দেওয়ানের নেতৃত্বাধীন অংশের জেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে জিয়া ভাস্কর্যে ফুল দিতে আসেন। জিয়া ভাস্কর্যে ফুল দেওয়া শেষে খাগড়াছড়ি কালেক্টরিয়েট এলাকায় অবস্থিত সমীরণ দেওয়ানের বাসার সম্মুখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমীরণ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নেতা বাতায়ন দেওয়ান, মাজেদ গাজী, আতিকুর রহমান, আবু তাহের, বাবুশ্যি চৌধুরী, ফাতেমা খাতুন, মুক্তার মিয়া, চন্দীনাথ ত্রিপুরা প্রমুখ।