খাগড়াছড়িতে দুই যুবকের লাশ উদ্ধার
খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা এলাকা থেকে গত সোমবার রাতে এক যুবক এবং মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ঝরনাটিলা এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আরেক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে আসা বাসযাত্রীরা আলুটিলা এলাকার ময়লা ডিপোর পাশে রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।মাটিরাঙ্গা থানার ওসি মো. মাঈনুদ্দীন জানান, এলাকাবাসাীর কাছ থেকে খবর পান উপজেলার তাইন্দং ইউনিয়নের ঝরনাটিলা এলাকায় গাছের সঙ্গে এক যুবকের মৃতদেহ ঝুলে রয়েছে। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।