খাগড়াছড়িতে দুর্নীতিবিরোধী সাত কিলোমিটার পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে টিআইবি ও সনাকের উদ্যোগে গতকাল শনিবার খাগড়াছড়িতে সাত কিলোমিটার দীর্ঘ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকাল সাড়ে নয়টায় জেলা সদরের গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে পদযাত্রা শুরু হয়।
পদযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি সনাকের (সচেতন নাগরিক কমিটি) সভাপতি অধ্যাপক সুধীন কুমার চাকমা। গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে প্রথমে পেরাছড়া উচ্চবিদ্যালয়ে যাত্রাবিরতি করে। বেলা ১১টায় আবার পদযাত্রা শুরু হয়। শেষ গন্তব্য স্বনির্ভর এলাকার টিউফা আইডিয়েল বিদ্যালয়ে এসে শেষ হয়। সেখানে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম।
এর আগে পদযাত্রার শুরুতে এবং বিরতিতে অন্য দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান অধ্যাপক সুধীন কুমার চাকমা। শপথবাক্য পাঠের পাশাপাশি দুর্নীতিবিরোধী জারিগান পরিবেশ করেন স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যরা।
পদযাত্রা ও শপথ পাঠ অনুষ্ঠানে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ৫ নম্বর ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা ও ৪ নম্বর পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।
এ ছাড়া শপথ পাঠ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাক অধ্যাপক বোধিসত্ত্ব দেওয়ান, নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা, স্বজন আহ্বায়ক অমল বিকাশ ত্রিপুরা প্রমুখ।