খাগড়াছড়িতে নতুন উপজেলা হচ্ছে বাবুছড়া
খাগড়াছড়ির দীঘিনালার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন ও বাঘাইছড়ির সাজেকের বাঘাইহাট নিয়ে একটি নতুন উপজেলা হচ্ছে। এর নাম রাখা হচ্ছে বাবুছড়া। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে।
ইউএনও কার্যালয় সূত্র জানায়, বাবুছড়া ইউনিয়নকে দুই ভাগ ও রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাটকে অন্তর্ভুক্ত করে বাবুছড়া উপজেলা গঠন করা হবে। উপজেলার ইউনিয়ন হবে তিনটি। বাবুছড়া ইউনিয়নকে ভাগ করে বাবুছড়া ও নাড়াইছড়ি নামে নতুন দুটি এবং বাঘাইহাট নামে একটি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত হবে।
গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর এ–সংক্রান্ত চিঠি দেন। এরপর গত ৩০ এপ্রিল খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় থেকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় দীঘিনালা ইউএনওকে। চিঠিতে উপজেলার আয়তন, জনসংখ্যা, মানচিত্র, ইউনিয়নের আয়তন সংশ্লিষ্ট কাগজপত্র ও নীতিমালা পাঠানো হয়।
ইউএনও ফজলুল জাহিদ বলেন, দীঘিনালা উপজেলাকে পুনর্গঠন করে বাবুছড়া ইউনিয়নকে উপজেলায় রূপান্তরিত করার জন্য একটি পত্র পেয়েছি। তবে প্রশাসনিক কাজ অনেক সময়সাপেক্ষ বিষয়। এখানে মানুষের মতামত, গণশুনানি গ্রহণ, আয়তন যাচাইবাছাই, সীমানা নির্ধারণসহ স্থানীয় সরকারের শর্ত পূরণের অনেক প্রশাসনিক কাজ করতে হবে।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা বলেন, বাবুছড়া উপজেলা হবে বলে একটি একটি পত্র এসেছে বলে শুনেছি। এটা অবশ্যই আনন্দের কথা। উপজেলা হলে জীবনযাত্রার মানোন্নয়ন হবে, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ সব ক্ষেত্রেই উন্নতি হবে। এই উদ্যোগকে স্বাগত জানাই।