খাগড়াছড়িতে নির্যাতনের শিকার আ.লীগের ১১ নেতা-কর্মী
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় আওয়ামী লীগের ১১ নেতাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা। তাঁরা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অভিযোগ রয়েছে, ১২ জুন (শনিবার) রাত সাড়ে ১২টায় দীঘিনালা সেনানিবাস এলাকার পার্শ্ববর্তী গুচ্ছগ্রাম কবাখালী থেকে এই ১১ জন নেতা-কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের সবাইকে রোববার দুপুরে ছেড়ে দেওয়া হয়। এরপর ঘটনার শিকার লোকজন সোমবার জেলা সদর হাসপাতালে ভর্তি হন।
এ ব্যাপারে জানতে চেয়ে ঢাকায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
হাসপাতালে ভর্তি হওয়া ১১ নেতা-কর্মী হলেন: উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কবাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রওশন আলী, সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমতাজ আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. হারেজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নওশাদ, উপজেলা মৎস্য লীগের যুগ্ম সম্পাদক মো. আনিস, কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মফিজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম ও মৎস্য লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসান।
আহত ব্যক্তিরা জানিয়েছেন, খাগড়াছড়ি সংসদীয় আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কাশেম তাঁদের দেখতে মঙ্গলবার দুপুরে হাসপাতালে আসেন।
হাসপাতালের বিছানায় শুয়ে আহত রওশন আলী প্রথম আলোকে বলেন, শনিবার রাতে সেনাবাহিনীর তিনটি গাড়ি কবাখালী গুচ্ছগ্রামে আসে। তারা অনেকটা টানা-হ্যাঁচড়া করে তাঁকে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে। এরপর একই গাড়িতে আরও ছয়জনকে তোলা হয়। সবাইকে সেনানিবাসে নিয়ে মারধর করা হয়। তিনি অভিযোগ করেন, সেনাবাহিনীর দুই সোর্সের সঙ্গে কবাখালী বাজার কমিটির সদস্যদের কবাখালী বাজারের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল নিয়ে কথা-কাটাকাটি হয়। এ কারণেই তাঁদের মারধর করা হয়েছে বলে তিনি সন্দেহ করেন। তিনি বলেন, পায়ের তালুতে আঘাতের চিহ্ন আছে। এখনো তিনি ভালোভাবে হাঁটতে পারছেন না। তালুতে কালো রক্ত জমাট বেঁধে আছে।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এক চিকিৎসক জানান, ভর্তি হওয়া রোগীরা সবাই শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তাদের ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে। তবে দু-তিনজন বাদে বাকিদের আঘাত তেমন গুরুতর নয়।
এ ব্যাপারে জানতে চেয়ে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। আর দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কাশেমও কোনো মন্তব্য করতে রাজি হননি।