
খাগড়াছড়ি সদর উপজেলার ভুয়াছড়ি ইউনিয়নের কুতুকছড়িতে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসীর লাশ গতকাল শনিবার ভোরে উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, গত শুক্রবার রাতে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের ওই সন্ত্রাসী নিহত হয়। তিনি জানান, যৌথ বাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩৮টি গুলি ও একটি এম-১৬ রাইফেলের ম্যাগাজিন, ১৯টি গুলি ও একটি জি-৩ রাইফেল, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন, ৪৯টি গুলি ও একটি চাইনিজ সাব মেশিনগান, একটি চাইনিজ সাব মেশিনগানের ম্যাগাজিন, ৩৮টি গুলি ও একটি এম-১৬ রাইফেল, এম-১৬ রাইফেলের একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি মুঠোফোন ও একটি ব্যাগ উদ্ধার করেছে।
এদিকে বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসীর পরিচয় পাওয়া গেছে। নিহত বুদ্ধজয় চাকমার (৩৮) বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালীতে। গতকাল শনিবার বিকেলে তাঁর বড় ভাই বুজেন্দ্র কুমার চাকমা লাশটি শনাক্ত করেন।
বুজেন্দ্র কুমার চাকমা বলেন, তাঁর ছোট ভাই বুদ্ধজয় চাকমা ২০ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন। তাঁর স্ত্রী ও এক মেয়ে আছেন। মেয়েটির সম্প্রতি বিয়ে হয়েছে।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বলেন, এ ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ‘ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই যৌথ বাহিনীর সঙ্গে ইউপিডিএফের বন্দুকযুদ্ধের প্রশ্নই আসে না।’