খাগড়াছড়ির আলুটিলায় বিশেষ পর্যটন এলাকার জন্য ৭০০ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব বাতিলের দাবিতে গতকাল শনিবার বান্দরবানে মানববন্ধন করেছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ)।
ভূমি কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবে ভূমি অধিগ্রহণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে।
সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে ত্রিপুরা ছাড়াও অন্যান্য জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরাও অংশ নেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের জেলা সভাপতি শুভেন্দু ত্রিপুরা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের জেলা সভাপতি লুসাইমং মারমা, ম্রো স্টুডেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক রিয়ং ম্রো ও টিএসএফের বান্দরবান সদর উপজেলা সভাপতি প্যাট্রিক ত্রিপুরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিশেষ পর্যটন এলাকার নামে খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা উপজেলায় অধিগ্রহণের জন্য প্রস্তাবিত ৭০০ একর জমিতে প্রায় ৬০০ পরিবারের ২ হাজার ৫৯০ জন ত্রিপুরার বসবাস। এ ছাড়া কিছু চাকমা ও মারমা পরিবারও সেখানে বসবাস করে। ভূমি অধিগ্রহণ করা হলে সেখানে বংশপরম্পরায় বসবাস করে আসা ত্রিপুরা, মারমা ও চাকমাদের উচ্ছেদ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে বেজার অধিগ্রহণ প্রস্তাব বাতিল করা না হলে তিন পার্বত্য জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম মশিউর রহমান বলেন, বেজার ভূমি অধিগ্রহণের প্রস্তাবে বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে বলা হয়নি। তবে আলুটিলার ওই এলাকায় আগে থেকে ইকো-ট্যুরিজম কেন্দ্র করার প্রস্তাব আছে। ইকো-ট্যুরিজম কেন্দ্র হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কেউ উচ্ছেদ হবে না; বরং তারা বর্তমানে যে পরিবেশ-প্রতিবেশে বসবাস করছে, তার সংরক্ষণমূলক উন্নয়ন করা হবে। প্রকৃতপক্ষে উন্নয়ন তাদের জন্যই হবে। তিনি বলেন, বেজা সম্ভবত সে ধরনের পর্যটন উন্নয়নের জন্য ভূমি অধিগ্রহণের প্রস্তাব করেছে।