হরতাল ইস্যুকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা সদরে গতকাল বুধবার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তিন পুলিশসহ ছাত্রলীগের ১২ জন ও ছাত্রদলের নয়জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টায় ছাত্রলীগ দলীয় কার্যালয় থেকে হরতালবিরোধী মিছিল বের করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে দলীয় কার্যালয়ে ফেরার সময় বিএনপি কার্যালয়ের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। মিছিলকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে এগোলে বিএনপি কার্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে কিছু ছাত্রদলকর্মী তাঁদের বাধা দেন। এতে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শামীম ও কনস্টেবল রূপকসহ তিনজন পুলিশ সদস্য এবং ছাত্রলীগের ১২ জন ও ছাত্রদলের নয়জন কর্মী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রদলের কর্মী সোহেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।