খাগড়াছড়িতে পুলিশের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল মঙ্গলবার খাগড়াছড়িতে শোক র্যালির আয়োজন করেছিল বিএনপি। কিন্তু পুলিশের বাধায় সেই কর্মসূচি পণ্ড হয়ে গেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে শোক র্যালিটি বের হয়। এটি মূল সড়কে ওঠার আগেই পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে এক সংক্ষিপ্ত শোকসভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী ওই সভায় তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপির নেতা-কর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা
দিচ্ছে। সঠিক তথ্য প্রকাশের ভয়ে জঙ্গিদের বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহসভাপতি কংচাইরী মাস্টার, যুগ্ম সম্পাদক চাইথোয়াই মারমা, সহসাংগঠনিক সম্পাদক এম এন আফসার, আইনবিষয়ক সম্পাদক আবদুল মালেক, সহদপ্তর সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহম্মেদ প্রমুখ।