খাগড়াছড়িতে পৌঁছেনি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর শিশুদের বই
খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ বছরের শিক্ষাবর্ষের প্রথম মাস শেষ হতে চললেও খাগড়াছড়িতে পৌঁছেনি মাতৃভাষার পাঠ্যপুস্তক। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর শিশুদের হাতে নিজস্ব মাতৃভাষার বই না আসায় প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর প্রাক-প্রাথমিকের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২৬ হাজার ৫০০ পাঠ্যপুস্তক সরবরাহের চাহিদা দেওয়া হয়েছে। নিজস্ব মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমে চাকমা, মারমা, ত্রিপুরা ও গারো সম্প্রদায়ের খাতা ও শিক্ষক নির্দেশিকা সরবরাহ করা হয়েছে মাত্র। এর মধ্যে চাকমাদের ৩ হাজার ৮৩৩টি, মারমাদের ১ হাজার ৯৭০টি, ত্রিপুরাদের ১ হাজার ৬২২টি ও গারোদের ৯টি খাতা এবং তার বিপরীতে চাকমা ও মারমাদের মাতৃভাষায় পাঠদানের জন্য ১ হাজার ২০০টি শিক্ষক নির্দেশিকা এসেছে।
খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুনুপ্রু মারমা জানান, মাতৃভাষায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ছেলেমেয়েদের প্রাক-প্রাথমিক শ্রেণির খাতা ও শিক্ষক নির্দেশিকা এলেও কোনো পাঠ্যপুস্তক এখনো বিদ্যালয়ে আসেনি।
এদিকে বই না পাওয়ায় হতাশ অভিভাবকেরা। প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিভাবক নমিতা চাকমা, সুইনাইপ্রু মারমা ও বিউটি ত্রিপুরা বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের কাছে একাধিকবার গিয়েও কোনো লাভ হয়নি। শিক্ষকেরাও ঠিকঠাক করে জানাতে পারছেন না যে কবে শিশুদের হাতে বই পৌঁছাবে।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘গত বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২০১৭ সালে প্রাক-প্রাথমিকের পাঠ্যপুস্তকে চাহিদা পাঠানো হয়েছে। আশা করি, শিগগিরই পাঠ্যপুস্তক আসবে। বইগুলো পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়গুলোয় সরবরাহ করা হবে।’