খাগড়াছড়িতে প্রথম বর্ষাবাস চীবরদান অনুষ্ঠান
খাগড়াছড়ি জেলায় সর্বপ্রথম বৌদ্ধধর্মাবলম্বীদের বর্ষাবাস চীবর ও কল্পতরু দানোৎসব গতকাল শুক্রবার বেলা দুইটায় পার্বত্য বৌদ্ধ মিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পার্বত্য বৌদ্ধ মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ সুমনালঙ্কার মহাস্থবির। অনুষ্ঠানে অর্ধশতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশ নেন।ধর্মালোচনায় শ্রীমৎ সুমনালঙ্কার মহাস্থবির বলেন, বৌদ্ধ ভিক্ষুদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ষাবাস। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন। এ সময় জরুরি কোনো কাজ ছাড়া ভিক্ষুরা বৌদ্ধবিহারের বাইরে যান না। এই বর্ষাবাসের আগে প্রত্যেক ভিক্ষুকে একটি গোসলের চীবর (কাপড়) দান করা হয়, যা ভিক্ষুরা তিন মাস গোসল করার সময় ব্যবহার করবেন। এই দানটি অন্যান্য দানের চেয়েও উত্তম।অনুষ্ঠানে ধর্মালোচনা করেন প্রজ্ঞাবংশ মহাস্থবির, অগ্রজ্যোতি স্থবির, সাধনা জ্যোতি স্থবির এবং স্বাগত বক্তব্য দেন বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘের সভাপতি বিনোদবিহারী চাকমা।