খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের মানববন্ধন
আট দফা দাবিতে গতকাল সোমবার খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। দুপুরে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে মিছিল শেষ হয়। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এস এম মাসুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
সমাবেশে বক্তারা চাঁদার দাবিতে গাড়িতে গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ এবং এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে আাদিবাসী শব্দের ব্যবহারের প্রতিবাদ জানান।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দাবির মধ্যে রয়েছে পৌর কাউন্সিলর মাসুম রানার ওপর হামলার বিচার, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বাতিল এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাঙালি শিক্ষার্থীদের জন্য কোটা।