খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার মহালছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকায় এক বাঙালি গৃহবধূকে (৬৫) শ্লীলতাহানির চেষ্টা ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বাঙালি ছাত্র পরিষদ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। মিছিলের আগে সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি আবদুল মজিদ, ফেনী জেলা শাখার সভাপতি মো. নাহিদ। সভায় বক্তারা বলেন, এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার বিকেল পাঁচটায় মুসলিমপাড়ার ওই গৃহবধূ পার্শ্ববর্তী টিলার একটি বাগানে গরু চরাতে যান। সেখান থেকে ফেরার পথে চার পাহাড়ি যুবক তাঁর ওপর হামলা চালায়। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গৃহবধূকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।