খাগড়াছড়িতে বিএনপির এক পক্ষের মিছিলে অপর পক্ষের হামলা
খাগড়াছড়ি শহরে গতকাল শনিবার বিএনপির এক পক্ষের মিছিলে অপর পক্ষের হামলায় ১২ জন আহত হয়েছে। হামলার জন্য এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করেছে।উল্লেখ্য, খাগড়াছড়ি জেলা বিএনপি দুই পক্ষে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। অন্য পক্ষের নেতৃত্বে সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়া।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মিছিলসহ ফেরার পথে বিএনপির এক পক্ষের নেতা-কর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় শাপলা চত্বর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানরত ওয়াদুদ ভূঁইয়ার পক্ষের লোকজন। এতে ১২ জন নেতা-কর্মী আহত হন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, জেলা বিএনপির কার্যালয়টি ওয়াদুদ ভূঁইয়ার পক্ষের লোকজন নিয়ন্ত্রণ করে থাকে।কেন্দ্রীয় যুবদলের সহ-উপজাতিবিষয়ক সম্পাদক বাতায়ন দেওয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় আহত মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী, তোফাজ্জল হোসেন, মো. কামাল, মরিয়ম বেগম, জসিম উদ্দিন ও চন্দিনাথ ত্রিপুরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিএনপির কেন্দ্রীয় নেতা সমীরণ দেওয়ানের বাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা হামলার জন্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষের লোকজনকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে শান্তি ও সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করেন না।প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা বিএনপির প্রবীণ নেতা শামসুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সহ-উপজাতিবিষয়ক সম্পাদক বাতায়ন দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মো. আবদুস সালাম প্রমুখ।অন্যদিকে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষের জেলা কমিটির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বলেন, ‘সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের পর নেতা-কর্মীরা নিজ নিজ বাসায় চলে যান। জিয়ার ভাষণ ও দেশাত্মবোধক গান মাইকে প্রচারের জন্য কয়েকজন কর্মী জেলা কার্যালয়ে অবস্থান করছিলেন। সকাল নয়টার দিকে সমীরণের পক্ষের নেতা-কর্মীরা উসকানিমূলক স্লোগান দেন ও কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কার্যালয়ে অবস্থানরত কর্মীদের সঙ্গে হামলাকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।’ তিনি বলেন, ‘আমরা কারও কর্মসূচিতে বাধা দিইনি। তারা আগবাড়িয়ে উসকানিমূলক স্লোগান না দিলে এ ধরনের ঘটনা ঘটত না।’ খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।