খাগড়াছড়িতে বিএনপির দুই পক্ষের পৃথক সমাবেশ
খাগড়াছড়িতে বিএনপির দুই পক্ষ (সমীরণ ও ওয়াদুদ) পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। দুর্নীতি, জুলুম, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে এবং হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি এ কর্মসূচি পালন করে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির ওয়াদুদ পক্ষ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে প্রতিবাদ সভা করে। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী প্রমুখ। অপর দিকে বেলা তিনটায় বিএনপির সমীরণ দেওয়ানের পক্ষ পৃথক মিছিল ও সমাবেশ করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমীরণ দেওয়ানের বাসভবনে প্রতিবাদ সভা করে। বকুল চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান, জেলা যুবদলের সহসভাপতি শামসুল হক, তৃণমূল দলের সাধারণ সম্পাদক আবু তাহের, তন্দ্রা চাকমা ও ফাতেমা খাতুন প্রমুখ।