খাগড়াছড়িতে বিক্ষোভ

জনসংহতি সমিতির (এমএন লারমা) সভাপতি ও ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের প্রার্থী সুধাসিন্ধু খীসার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি সদরের মহাজনপাড়ার এমএন লারমা ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নারিকেল বাগান ঘুরে চেঙ্গী স্কোয়ারে এসে শেষ হয়। মিছিলের পরে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য শক্তিমান চাকমা, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রত্যয় চাকমা, পৌর শাখার সাধারণ সম্পাদক প্রিয়দর্শী চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমর সিং চাকমা।
সশস্ত্র হামলার জন্য সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতিকে দায়ী করা হয়েছে। একইভাবে সুধাসিন্ধু খীসার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মহালছড়ি ও দীঘিনালা উপজেলায় পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।