খাগড়াছড়িতে বিরোধীদলীয় চিফ হুইপের গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। শহরের কলেজ রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এতে জয়নাল আবদিনের গাড়ির কাচ ভেঙে যায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে গত মার্চে খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিমের আদালতে মানহানির মামলা করেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মংসুইপ্রু চৌধুরী। মামলায় জয়নাল আবদিন, বিএনপিদলীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী ও আশরাফ উদ্দিন নিজানকে আসামি করা হয়। এই মামলায় হাজিরা দিতে বিএনপির নেতারা গতকাল সকালে খাগড়াছড়ি আদালতে আসেন।এদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মানহানির মামলার সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল শহরে মানববন্ধন করে। সকাল সাড়ে নয়টার দিকে শাপলা চত্বরে মানববন্ধন শুরু হয়। এ সময় এই এলাকা দিয়ে আদালতে যায় বিরোধীদলীয় চিফ হুইপের গাড়িবহর। এর পরপরই মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মীরা মিছিল করে আদালতের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা আদালত প্রাঙ্গণ থেকে চলে যান। পরে তাঁরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন।বেলা সাড়ে ১১টার দিকে আদালত থেকে জামিন নিয়ে জয়নাল আবদিনসহ বিএনপির নেতারা গাড়িতে করে খাগড়াছড়ি সার্কিট হাউসের দিকে যাচ্ছিলেন। তাঁরা কলেজ রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছালে তাঁদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে জয়নাল আবদিনের গাড়ির জানালার কাচ ভেঙে যায়। এ ছাড়া হামলাকারীরা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে।সার্কিট হাউসে পৌঁছে জয়নাল আবদিন সাংবাদিকদের বলেন, ‘বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে উৎখাত করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা আমার গাড়িবহরে বোমা হামলা চালিয়েছে। এতে আমার গাড়ির কাচ ভেঙে গেছে।’এদিকে জয়নাল আবদিনের গাড়িতে হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা বিএনপি। দলের দপ্তর সম্পাদক মো. ইউসুফ স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়, চট্টগ্রাম থেকে আসার পথে খাগড়াছড়ির মানিকছড়ি ও জালিয়াপাড়াসহ ১০-১২টি জায়গায় জয়নাল আবদিনের গাড়িবহরে হামলা চালানো হয়েছে।তবে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম দাবি করেন, হামলার ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। জেলা বিএনপির অন্তর্কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে।