খাগড়াছড়িতে বিশুদ্ধ পানির সংকট
মিতা চাকমা (৩২) বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রশিক্ষিত স্বাস্থ্য সেবিকা। গ্রামের লোকজনকে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেন তিনি। কিন্তু তিনি নিজেই পরিবারের সদস্যদের স্বাস্থ্যসমঞ্চত নিরাপদ পানি পান করাতে পারেন না। কারণ, তাঁর গ্রাম খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের রত্নমণি কার্বারি পাড়ায় বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। পাহাড়ের পাদদেশে ঝিরির পানিই মিতা চাকমার একমাত্র ভরসা। এ ছাড়া বৃষ্টির পানি সংগ্রহ করেও তিনি সমস্যা সমাধানের চেষ্টা করেন। মিতা চাকমার মতো খাগড়াছড়ির বিশাল জনগোষ্ঠীর জীবন চলছে এভাবে। নিরাপদ পানির সংকট খাগড়াছড়িবাসীর একটি বড় সমস্যা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খাগড়াছড়ি কার্যালয়ের হিসাব অনুযায়ী, জেলার ৫৬ দশমিক ৬২ শতাংশ এলাকায় নিরাপদ পানি নিশ্চিত করা হয়েছে। তবে জেলার মোট নলকূপের এক-তৃতীয়াংশই বর্তমানে অকেজো। সম্প্রতি খাগড়াছড়ি সদরের কমলছড়ি ও গোলাবাড়ী ইউনিয়নের কমলছড়ি ভিতর পাড়া, অক্ষয়ছড়া গ্রাম, গোয়ামাঘাট গ্রাম, তৈন্যামারছড়া গ্রাম, জুরোপানিছড়া গ্রামে ঘুরে দেখা যায়, এসব গ্রামে নিরাপদ পানির কোনো ব্যবস্থা নেই। গ্রামের লোকজন ঝিরির পানি পান করে। কমলছড়ি ভিতর পাড়ার জীবন চাকমা (৩৮) বলেন, তাঁদের সবচেয়ে বড় সংকট হলো পানির সমস্যা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ২০১১-১২ অর্থবছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খাগড়াছড়ি কার্যালয়কে এক কোটি টাকা বরাদ্দ দেয়। ওই অর্থ দিয়ে ৫০টি নলকূপ-পাতকূপের সংস্কার ও উন্নয়নকাজ করা হয়েছে। সচল করা হয়েছে একেবারে অকেজো ছয়টি নলকূপ। বাকি অর্থে শহরভিত্তিক পানি সরবরাহ লাইন সংস্কার, সরবরাহ পানির পাম্প মেরামত, পানি শোধন প্ল্যান্ট ও পানি সংরক্ষণাগার সংস্কার করা হয়েছে। জেলার প্রত্যন্ত এলাকায় নিরাপদ পানির জন্য খুবই কম অর্থই খরচ করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খাগড়াছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, বেশির ভাগ প্রত্যন্ত এলাকাই পাথুরে। এসব এলাকায় নলকূপ স্থাপনের জন্য উন্নত প্রযুক্তির দরকার। কমলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুপন চাকমা বলেন, শুধু রত্নমণি কার্বারি পাড়া ও কমলছড়ি ভিতর পাড়া নয়, এ ধরনের অনেক গ্রাম আছে যেখানে নিরাপদ পানির ব্যবস্থা নেই। ইউনিয়ন পরিষদে যে বরাদ্দ আসে তা দিয়ে এসব এলাকায় নলকূপ বসানো সম্ভব নয়। তিনি বলেন, এসব এলাকায় নিরাপদ পানির জন্য বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ধরনের উদ্যোগ কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা আগে নিয়েছিল। তা বেশ কাজে দিয়েছে।